
ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী থেকে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ লক্ষ্যে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালসহ সংশ্লিষ্ট এলাকাগুলোর ব্যবস্থাপনা উন্নয়ন, অবৈধ টিকেট কাউন্টার উচ্ছেদ এবং যানজট নিরসনে একাধিক কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সংক্রান্ত একটি জরুরি সমন্বয় সভা মঙ্গলবার (১০ মার্চ) নগর ভবনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম।
এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা সড়ক পরিবহন বাস মালিক সমিতি, সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতি এবং সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল পরিবহন শ্রমিক কমিটির প্রতিনিধিরা অংশ নেন।
সভায় যাত্রীদের দুর্ভোগ কমানো এবং ঈদকে কেন্দ্র করে সম্ভাব্য যানজট পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সায়েদাবাদ ব্রিজের ঢাল থেকে টিটি পাড়া পর্যন্ত সড়কের দুই পাশজুড়ে গড়ে ওঠা সব অবৈধ টিকেট কাউন্টার নির্ধারিত সময়ের মধ্যে নোটিশ দিয়ে অপসারণ করা হবে। পাশাপাশি সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালের ভেতরে থাকা অবৈধ দোকানপাটও দ্রুত উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এসব অবৈধ স্থাপনা সরিয়ে ফেললে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বড় ধরনের সহায়তা পাওয়া যাবে।
টার্মিনালের ভেতরে প্রকৃত বাস কোম্পানিগুলোর অনুকূলে নির্দিষ্ট নীতিমালার আওতায় টিকেট কাউন্টার বরাদ্দ দেওয়া হবে। এ ক্ষেত্রে বাস মালিক সমিতি, ডিএসসিসি এবং পুলিশের ট্রাফিক বিভাগ সমন্বিতভাবে কাজ করবে। এতে করে টার্মিনালের ভেতরে শৃঙ্খলা বজায় থাকবে এবং যাত্রীরা নির্দিষ্ট স্থান থেকে সহজেই টিকেট সংগ্রহ করতে পারবেন।
সভায় সিদ্ধান্ত হয়, বাসগুলোকে আর ডিপো হিসেবে টার্মিনাল ব্যবহার করতে দেওয়া হবে না। টার্মিনালের নির্ধারিত পাঁচটি বাস-বে ব্যবহার করে যাত্রী ওঠানামা করতে হবে। কোনো বাস যাত্রী তোলার জন্য ২০ থেকে ৩০ মিনিটের বেশি অপেক্ষা করতে পারবে না। এই নিয়ম কার্যকর হলে টার্মিনালের ভেতরে যানজট অনেকাংশে কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
ঈদযাত্রাকে আরও স্বস্তিদায়ক করতে টার্মিনালে যাত্রীদের জন্য নতুন তথ্যকেন্দ্র (ইনফরমেশন ডেস্ক) স্থাপন করা হবে।
এ ছাড়া শিশুদের জন্য মাতৃদুগ্ধ পান করানোর বিশেষ কক্ষ (ব্রেস্টফিডিং রুম) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি ঈদযাত্রার আগেই টার্মিনালের অসমাপ্ত সংস্কার কাজ শেষ করা, শৌচাগার মেরামত এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঈদকে কেন্দ্র করে যাত্রী চাপ বাড়ায় অনেক সময় পরিবহনগুলো অতিরিক্ত ভাড়া আদায় করে থাকে। এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে ডিএসসিসি। সভায় পরিবহন মালিক সমিতিকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন কোনো বাস কোম্পানি সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করতে না পারে। এ বিষয়ে নিয়মিত নজরদারি চালানোর কথাও জানানো হয়েছে।
সায়েদাবাদ টার্মিনালের ভেতরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পরিত্যক্ত বাসগুলো জব্দ করে অপসারণের দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাফিক বিভাগকে। এসব বাস সরিয়ে ফেললে টার্মিনালের ভেতরে জায়গা বাড়বে এবং যান চলাচল আরও স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে।
সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে এবং দীর্ঘমেয়াদে যানজট নিরসনে সিটি করপোরেশন, পুলিশ, বাস মালিক ও শ্রমিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। যাত্রীদের স্বস্তিদায়ক সেবা নিশ্চিত করতে গৃহীত সিদ্ধান্তগুলো যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।
এদিন বিকেলে নগর ভবনে ডিএসসিসির প্রশাসকের সভাপতিত্বে ডিএসসিসি পরিচালনা কমিটির দ্বাদশ করপোরেশন সভা অনুষ্ঠিত হয়।
সভায় বোর্ড সদস্যরা নতুন প্রশাসককে শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রীর ঘোষিত ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ কর্মসূচি বাস্তবায়নে তিনি দৃঢ় ও কার্যকর ভূমিকা পালন করবেন।
সভায় নগর ব্যবস্থাপনা উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন নগর গড়ে তোলার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা নিয়েও আলোচনা করা হয়।
প্রতিবার ঈদকে ঘিরে রাজধানী থেকে লাখো মানুষ দেশের বিভিন্ন জেলায় যাত্রা করেন। এ বিপুল যাত্রীচাপ সামাল দিতে এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ডিএসসিসির এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
