আজ ঐতিহাসিক ৭ মার্চ

আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন।

১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দান (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)-এ লাখো মানুষের সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার সংগ্রামের ডাক দেন। তাঁর বজ্রকণ্ঠে উচ্চারিত সেই ঐতিহাসিক ঘোষণা এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।  বাঙালির স্বাধীনতার লড়াইকে নতুন দিকনির্দেশনা দেয়।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য (মেমোরি অব দ্য ওয়ার্ল্ড) হিসেবে স্বীকৃতি দেয়।

মাত্র ১৮ মিনিটের এই ভাষণে তিনি তৎকালীন সাড়ে সাত কোটি বাঙালির স্বপ্ন, বঞ্চনা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষা তুলে ধরেন।

বিশ্ব ইতিহাসে এটি অন্যতম সেরা রাজনৈতিক ভাষণ হিসেবে স্বীকৃত। অনেক বিশ্লেষক বঙ্গবন্ধুর এ ভাষণকে মার্টিন লুথার কিং জুনিয়রের ‘আই হ্যাভ এ ড্রিম’ ভাষণের সঙ্গে তুলনা করেছেন। ইতোমধ্যে ভাষণটি বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।