পল্টনে বিচারপতি শামসুদ্দিন মানিকের গাড়িতে হামলা

বিএনপির মিছিল থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বুধবার (২ নভেম্বর) বিকেলে ৪টার দিবে রাজধানীর পল্টন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পল্টনে একটি মিছিল থেকে বিচারপতি মানিকের গাড়িতে হামলা করা হয়। এ সময় গাড়ি ভাঙচুর ও তার সঙ্গে থাকা সরকারি গানম্যানের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

এ বিষয়ে বিচারপতি মানিকের গানম্যান মো. রফিক বলেন, পল্টনে বিকেল ৪টা থেকে সোয়া ৪টার দিকে স্যারের গাড়ির ওপর হামলা হয়। শুধু গাড়িতেই নয়, স্যারের ওপর, তার গাড়িচালক ও আমার ওপরও হামলা হয়। এদিন বিএনপির সমাবেশ ছিল। সমাবেশ থেকেই হামলা করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

মতিঝিল জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু বলেন, আমরা এ রকম একটি হামলার খবর পেয়েছি। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আসতে বলা হয়েছে। তিনি আসলে বিস্তারিত জানতে পারব।