ভুটানকে ২-০ গোলে হারিয়ে দারুণ জয় বাংলাদেশের

মোঃ রাসেল
ভুটানকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান চ্যাম্পিয়শিপের বাছাইপর্বে দারুণ জয় আদায় করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচে ২-০ গোলে হারিয়েছে ভুটানকে।

শুক্রবার (৭ অক্টোবর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপ বাছাইয়ে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসে বাংলাদেশ।

প্রতিপক্ষ ভূটানকে চাপে রেখে প্রথমার্ধ শেষে দলটির বিপক্ষে ১-০ গোল ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। খেলার দশম মিনিটে নাজিমের গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও ৭৩ মিনিটে ইমরানের দূর থেকে নেওয়া মাপা ফ্রি-কিক আর আটকাতে পারেনি ভুটান। বক্সের মধ্যে হিমেল হেড করে দলকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে। শেষ পর্যন্ত সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজ জার্সিধারীরা। ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে জয় লাভ করে। বাংলাদেশ এর পক্ষে, নাজিম ১০ মিনিটে প্রথম এবং হিমেল ৭৩ মিনিটে দ্বিতীয় গোল করেন।