
ওসমান আল হুমাম
কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের পর মাদক মামলায় গ্রেফতার তার সহযোগী সাহেদুল ইসলাম সিফাতের জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার বেলা ১১টায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম রামুর বিচারক দেলোয়ার হোসেনের আদালতে তার জামিন হয়।তবে টেকনাফ থানায় সিফাতের বিরুদ্ধে করা হত্যা মামলায় জামিন শুনানি চলছে বলে নিশ্চিত করেছেন সিফাতের আইনজীবী মাহাবুবুল আলম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী মাহাবুবুল আলম শাহীন জানান,রামু থানায় করা মাদক মামলায় সিফাতকে জামিন দিয়েছেন আদালত।আর হত্যা মামলায় টেকনাফের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সিফাতের জামিন শুনানি চলছে।
এর আগে রোববার তাদের আরেক সহযোগী মাদক মামলায় গ্রেফতার শিপ্রা দেবনাথকে জামিন দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম রামুর বিচারক দেলোয়ার হোসেনের আদালত।
একই সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করে তদন্তভার র্যাব-১৫ কে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সিফাতের প্রধান আইনজীবী মোস্তফা অ্যাসোসিয়েটের সদস্য মাহবুবুল আলম টিপু।
এর আগে রোববার অপর সহযোগী শিপ্রা দেবনাথকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় জামিন দিয়েছিলেন আদালত। পরে তিনি বিকেলে কারাগার থেকে মুক্তি পান।
গত ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা। এ সময় তার সঙ্গে ঘটনাস্থলে ছিলেন সিফাত।
ওই দিন সিনহা-সিফাতরা যে রিসোর্টে উঠেছিলেন, সেখান থেকে শিপ্রা দেবনাথ ও তাহসিনকে ধরে নিয়ে যাওয়া হয়। পরে তাহসিনকে ছেড়ে দিলেও শিপ্রাকে মাদক মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। প্রায় ১০ দিন পর রোববার শিপ্রাকে জামিনে মুক্তি দেন আদালত।ওই গাড়িতেই ছিলেন সিফাত। বাহারছড়া পুলিশ চেকপোস্টে গাড়ি থামালে গাড়ি থেকে নেমে আসেন সিনহা ও সিফাত। সেখানে পুলিশের পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে মারা যান সিনহা। এ ঘটনায় টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ। সেখানে সিফাতকে আসামি করা হয়।
ভ্রমণবিষয়ক তথ্যচিত্র বানাতে কক্সবাজারে গিয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তা সিনহা, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী সাহেদুল ইসলাম সিফাত, শিপ্রা দেবনাথ ও তাহসিন রিফাত।
এরপর গত বৃহস্পতিবার শেষ বিকেলে ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকতসহ সাত সদস্য আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। অপরদিকে বাদীপক্ষ তাঁদের আটক ও পরে রিমান্ডের আবেদন করে। আদালত ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত ও এসআই নন্দদুলালকে সাত দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন। আর বাকি চারজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
