এফডিসির একাংশ ভেঙে নির্মাণ করা হবে বহুতল বাণিজ্যিক ভবন

মোঃ রাসেল :

শুরু হয়েছে রাজধানীতে অবস্থিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) একাংশের ভাঙার কাজ। সেখানে নির্মাণ করা হবে বহুতল বাণিজ্যিক ভবন। এফডিসির মূল কার্যালয়ও হবে সেটি। পাশাপাশি সেখানে থাকবে শপিং মল, সুইমিংপুল, ব্যায়ামাগার ও মাল্টিপ্লেক্স।

সেই লক্ষ্যে ৫ জুলাই থেকে এফডিসির ৩ ও ৪ নম্বর ফ্লোর দুটি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে।

গত মে মাসের শেষ সপ্তাহ থেকেই এটি ভাঙার গুঞ্জন চলছিল। ৮ জুলাই সকালে বিএফডিসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্ম সচিব নুজহাত ইয়াসমিন দেশবাংলাবিডিকে বলেন, নতুন ভবন নির্মাণের জন্য আমরা ৩ ও ৪ নম্বর ফ্লোর ভাঙছি। সেই অংশসহ সরকারি বর্ধিত জায়গায় ভবন তৈরি করা হবে।

চলচ্চিত্র প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু দেশবাংলাবিডিকে বলেন, এফডিসি তার নিজের জায়গাতেই থাকবে। বলা যায়, কিছু অংশ বর্ধিত হচ্ছে। এখানে আধুনিক বাণিজ্যিক ভবন গড়ে তোলা হবে। থাকছে মাল্টিপ্লেক্স। অনেকে ভাবছেন, এফডিসি বন্ধ করে কবীরপুর ফিল্ম সিটিতে সবাই চলে যাচ্ছে, বিষয়টি আসলে তা নয়।দুটি দুই জায়গাতেই থাকবে এবং সক্রিয় থাকবে।