উত্তাল ভারত

ভারত জুড়ে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ চলছে। অন্যান্য রাজ্যের তুলনায় উত্তরপ্রদেশ, দিল্লি, কর্ণাটক ও মধ্য প্রদেশে বিক্ষোভ মারাত্মক আকার ধারণ করেছে। বিক্ষোভ হয়েছে কলকাতা, চেন্নাই ও মুম্বাইয়েও। দিল্লিতে, বড় জমায়েতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, রাস্তায় নেমে আসেন বহু বিক্ষোভকারী। এর পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতাকে আটক করা হয়। এদের মধ্যে রয়েছেন, সীতারাম ইয়েচুরি, ডি রাজা, নীলোৎপল বসু, বৃন্দা কারাট, যোগেন্দ্র যাদব, উমর খালিদের মতো নেতারা।
প্রতিবেশী রাজ্য হরিয়ানা থেকে দিল্লিতে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা। এর ফলে বন্ধ করে দেওয়া হয় দুই রাজ্যের সীমান্ত। ফলে ব্যাপক যানজট তৈরি হয়। এমনকি বন্ধ করে দেওয়া হয় বিমান পরিষেবা।
বেঙ্গালুরুতে ঐতিহাসিক রামচন্দ্র গুহসহ শতাধিক লোককে আটক করা হয়। একটি টেলিভিশন চ্যানেলের প্রতিনিধির সঙ্গে কথা বলার সময়েই তাঁকে আটক করে পুলিশ।