আরামবাগের জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ষষ্ঠ জয় পেয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ।সোমবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে আরামবাগ ২-১ গোলে হারিয়েছে বিজেএমসিকে।
১১ ম্যাচে ষষ্ঠ জয়ে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে মারুফুল হকের দল। আরামবাগ প্রথমার্ধেই গোল দুটি করে।
চতুর্থ মিনিটে ক্যামেরুনের পল এমিল গোল করে এগিয়ে দেন আরামবাগকে। ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা।
চার মিনিট পর রবিউল হাসান গোল করলে ২-০ তে এগিয়ে বিরতিতে যায় আরামবাগ। ৮১ মিনিটে পেনাল্টি গোলে ব্যবধান কমিয়েছেন বিজেএমসির স্যামসন ইলিয়াসু।
বিজেএমসি এবারের প্রিমিয়ার লিগে একমাত্র দল যারা এখনো জয়ের মুখ দেখেনি। ১০ ম্যাচে এটি তাদের সপ্তম হার। তিনটি ম্যাচ ড্র করে ৩ পয়েন্ট নিয়ে ১৩ দলের মধ্যে সবার নিচে আছে তারা।